ঢাকা মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

চর মোজাম্মেলে অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে বিএনপি নেতার মানববন্ধন


স্মার্ট প্রতিনিধি
৭:১৩ - সোমবার, জুলাই ২০, ২০২৬
চর মোজাম্মেলে অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে বিএনপি নেতার মানববন্ধন

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় সালাউদ্দিন পাটোয়ারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রের মহড়া, জমিজমা দখল, ভয়ভীতি প্রদর্শন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়গুলো আড়াল করতে রোববার দুপুরে চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় ভাড়াটে লোকজন দিয়ে একটি কথিত মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন পাটোয়ারীর নির্দেশে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তাদের আরও অভিযোগ, জোরপূর্বক নিরীহ ও ভূমিহীন মানুষদের মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চর মোজাম্মেলের এক নারী সালাউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। ভিডিওতে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নদীতে ডাকাতি, গবাদিপশু চুরি, বসতবাড়িতে হামলা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগও করেন তিনি। এসব ঘটনার প্রতিবাদ করলে হুমকি ও চাপের মুখে পড়তে হয় বলেও উল্লেখ করেন ওই নারী।

স্থানীয় বাসিন্দা সেলিম মাঝি অভিযোগ করে বলেন, সালাউদ্দিন পাটোয়ারীর কাছে আধুনিক ও বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি দাবি করেন, নিজ চোখে একাধিক বিদেশি অস্ত্র তার হাতে দেখেছেন। এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগও করেন তিনি।

সেলিম মাঝি আরও বলেন, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে নদীকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি চরাঞ্চলের বিভিন্ন স্থানে জমিজমা দখল, ভূমি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার এবং অসহায় মানুষের সম্পত্তি জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আদালতের রায় বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পান। প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হতে হয় বলে তারা দাবি করেন। ফলে ভুক্তভোগীদের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চলমান এসব অভিযোগের কারণে চর মোজাম্মেল এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে মানববন্ধনে অভিযুক্ত সালাউদ্দিন পাটোয়ারী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সততার সঙ্গে কাজ করে আসছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।