ঢাকা রবিবার, জুলাই ২৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নৈতিকতার চরম অবক্ষয়, রাষ্ট্রের আদর্শ পরিবর্তনের দাবি: ইমাম সেলিম


স্মার্ট প্রতিনিধি
৬:৫৮ - শনিবার, জুলাই ২৫, ২০২৬
নৈতিকতার চরম অবক্ষয়, রাষ্ট্রের আদর্শ পরিবর্তনের দাবি: ইমাম সেলিম

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, দুর্নীতি, চারিত্রিক অধঃপতন ও স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্রের আদর্শ পরিবর্তন অপরিহার্য।

শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমাম সেলিম বলেন, “নৈতিক অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি; এটি দীর্ঘদিন ধরে ভুল জীবনব্যবস্থা চর্চার ফল।” তিনি অভিযোগ করেন, দেশের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ও শিক্ষাব্যবস্থা এখনও ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের ওপর পরিচালিত হচ্ছে। ফলে নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের কোনো কার্যকর ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, “এই ব্যবস্থার কারণে শিক্ষিত মানুষের মধ্যেও দুর্নীতি বাড়ছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার ও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। এমনকি মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

বর্তমান সংকট থেকে মুক্তির জন্য তিনি আল্লাহপ্রদত্ত ঐশী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। তার মতে, হেযবুত তওহীদ সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব জনগণের সামনে তুলে ধরছে।

ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে ওঠে।