হালিশহরের স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে নিয়ে প্রায় ২ কোটি ব্যয় করে হালিশহর হাউজিং এস্টেটের মাঠটি শিশুদের জন্য সারা বছর খেলার উপযোগী করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে মেয়র বলেন, শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক গড়তে চাই আমি৷ এই এলাকার মানুষ আমাকে জানিয়েছিল হালিশহর হাউজিং এস্টেটের মাঠটি এলাকা থেকে বেশ নীচু হওয়ায় বর্ষাকালে এখানে পানি জমে খেলার পরিবেশ থাকতনা এবং জমে থাকা পানিতে মশা জন্মাত এবং মানুষের চলাচলের উপযুক্ত থাকতনা।
“এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মাঠটি ভরাট করে সারা বছর খেলার উপযোগী করে মাঠের চারপাশে ওয়াকওয়েসহ লাইটিং করে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। ফলে, এলাকার শিশুরা সারা বছরই মাঠটিতে খেলতে পারবে এবং জনগণও জলাবদ্ধতা ও মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।”
ফুটপাত রক্ষায় জনগণের সহযোগিতা চেয়ে মেয়র বলেন, আমি দায়িত্ব নিয়ে পিসি রোড, মাঝিরঘাট রোড করে দিয়েছি৷ প্রতিটা ওয়ার্ডে রাস্তা, ফুটপাত করে দিচ্ছি৷ কিন্তু কিছু চাঁদাবাজ আপনাদের রাস্তা, ফুটপাত দখল করে রাখে৷ আমি নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করেছি৷ এখন আমার বিরুদ্ধে মিছিল হয়, আন্দোলন হয়৷ আমি এগুলা ভয় পাইনা৷ উচ্ছেদ অভিযান চালানোয় জনগণ খুশি আছে৷ জনগণ আমার সাথে থাকলেই আমি সফল৷
“আপনাদের দাবি মেনে আমি রাস্তা, মাঠ, উঠান করে দিচ্ছি। কোন সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন৷ শহর আমার একার না, আপনাদেরও৷ আপনারা আমাকে সহযোগিতা করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন৷ আমার দায়িত্বকালেই চট্টগ্রাম ঘুরে দাঁড়াবে৷”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. ইসমাইল, মো. জাবেদ, আবদুস সালাম মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী সজিব রেজা হক, দেলওয়ার হোসেন খোকা, এরশাদুল আমিন, হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী৷