ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


স্মার্ট প্রতিনিধি
৭:০০ - মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
নোয়াখালীতে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামি হারুনুর রশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবার, স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহত আবু বকর ছিদ্দিক জামালের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নিহতের বড় ছেলে শিহাব উদ্দিন, মেজ ছেলে ফয়সাল উদ্দিন, ভাগিনা মো. ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. সুজনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সকালে জমি ও ধানক্ষেত চাষ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আবু বকর ছিদ্দিকের সঙ্গে তার ছোট ভাই হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির গেটের সামনে হারুনুর রশিদ ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বকর ছিদ্দিককে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন। ঘটনার ১২ দিন পর র‍্যাব তাকে গ্রেপ্তার করে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার কার্যক্রম শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।