ঢাকা মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সেনবাগে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ


স্মার্ট প্রতিনিধি
১৫:০৪ - সোমবার, জুলাই ২০, ২০২৬
সেনবাগে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক প্রবাসীর দোকানঘর ভাঙচুর এবং জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী গোলাম ছারওয়ারসহ ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর ‘মব’ সৃষ্টির চেষ্টাও চালায়।

সোমবার (২০ জুলাই) ভোররাত থেকে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের ওলি কাজী বাড়ি সংলগ্ন দোকানঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওমান প্রবাসী মো. জামাল উদ্দিন জানান, তিনি বাড়ির সামনে খরিদ সূত্রে একটি জমির বৈধ মালিক ও ভোগদখলদার। দীর্ঘদিন ধরে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন তিনি। কিন্তু সোমবার ভোর রাতে প্রতিবেশী গোলাম ছারওয়ার ও তার সহযোগীরা জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তারা দোকানের সামনে বালু ফেলে এবং পিছনের ডোবায় বালু ভরাট শুরু করে।

তিনি আরও বলেন, এতে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি একই দিন দুপুরে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার পর তিনি বিকেলে সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং বাকি জমিতেও মাটি ভরাট করতে থাকে। একপর্যায়ে তারা ভুক্তভোগী, তার পরিবারের সদস্য ও উপস্থিত সাংবাদিকদের ওপর ‘মব’ সৃষ্টি করার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে তার ভোগদখলীয় সম্পত্তি উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বালু ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।