ঢাকা বুধবার, আগস্ট ২৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

হাম উপসর্গে বাড়ছে শিশু মৃত্যুর হার, সংখ্যা দাঁড়ালো ৯৫০


স্মার্ট প্রতিবেদক
১০:০০ - বুধবার, আগস্ট ২৬, ২০২৬
হাম উপসর্গে বাড়ছে শিশু মৃত্যুর হার, সংখ্যা দাঁড়ালো ৯৫০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও হাম—দুইয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।

এ সময়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।